“শেখ হাসিনার আইনবলে টানানো শেখ মুজিবের ছবি সরানো সঠিক সিদ্ধান্ত”
শেখ হাসিনার আইনবলে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে নামানো সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।
তবে এর আগে রিজভী বলেছিলেন, জাতীয় পর্যায় যাদের অবদান আছে, তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি।
পরে দুপুরে সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিবৃতিতে রিজভীর বক্তব্যের সংশোধনী দেয়া হয়।
বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, একটি অনুষ্ঠানে আমার দেয়া বক্তব্য নিয়ে ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ শিরোনামে একটি সংবাদ অনলাইনে প্রকাশ হচ্ছে।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত: ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।
আরও পড়ুনঃ “সোশ্যাল মিডিয়া-আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে”





